Tuesday, 26 April 2011

দলবাজিতে প্রশাসন গতিহীন : কর্মকর্তারা দিনের প্রথমভাগ ব্যয় করেন শেয়ার ব্যবসা নিয়ে বার বার আদেশ জারি করেও কাজ হচ্ছে না

কাদের গনি চৌধুরী

প্রশাসন চলছে ঢিমেতালে। বার বার আদেশ জারি করেও সরকারি কর্মকর্তাদের কাজে মনোযোগী করা যাচ্ছে না। ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি কাজে গতি আসছে না দেখে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার বার তাগিদ দেয়া হয়। কেবিনেট সেক্রেটারি ও সংস্থাপন মন্ত্রণালয় থেকে পরিপত্রও জারি করা হয়। এর পরও কাজের কাজ কিছুই হয়নি। সরকারের বিভিন্ন মহলে আলাপ করে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সৃষ্ট আতঙ্ক, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য নতুন হওয়ায়, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় না থাকায়, মন্ত্রী ও সচিবের মধ্যে দ্বন্দ্ব, দক্ষ কর্মকর্তাদের ওএসডি করে কর্মহীন বসিয়ে রাখা, দলীয় বিবেচনায় অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন, জুনিয়রদের পদোন্নতি দিয়ে সিনিয়রদের পদে বসানোর কারণে প্রশাসনে অসন্তোষ তৈরি হওয়ায় কাজকর্মে গতি আসছে না। সংস্থাপন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কট্টর সরকারসমর্থক অফিসাররাও মনোযোগ দিয়ে কাজ করছে না। তারা সরকারি কাজের চেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে বেশি মনোযোগ দিচ্ছেন। দিনের প্রথমভাগ তারা ব্যয় করেন শেয়ার ব্যবসা নিয়ে। যার ফলে কাজে গতি আসছে না।
সরকারি কাজে গতি না আসায় প্রধানমন্ত্রীর দফতরও অসন্তুষ্ট বলে জানা গেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় মন্ত্রিপরিষদের বৈঠক এবং এর আগে জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় প্রত্যাশা অনুযায়ী কাজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন। খোঁজ-খবর নিয়ে জানা যায়, সরকারে বয়স দুই বছর পার হলেও এখনও উপদেষ্টা, মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের মধ্যে কাজের সমন্বয় নেই। সব সিদ্ধান্তের জন্য সবাই তাকিয়ে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে। সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আলাপকালে জানা যায়, বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনভিজ্ঞতার কারণে মন্ত্রণালয়ের কাজে গতি আসছে না। এছাড়া প্রশাসনিক অস্থিরতা ও ভীতিও রয়েছে। ফাইল সই করতে সবাই ভয় পায়। সরকারি কর্মকর্তা, এমনকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কেউ কেউ কোনো বিষয়ে একা সিদ্ধান্ত নিতে চায় না। স্পর্শকাতর কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে মন্ত্রী সচিবের ওপর চাপিয়ে দেন, আবার সচিব এতে রাজি না হলে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছেন। গত দু’বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদদের পাশাপাশি অনেক আমলাও গ্রেফতার হয়েছেন। তাই ভবিষ্যতের আতঙ্কে সচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকে সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের ধীরগতি দেখে প্রতিটি মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি কাজে গতি বাড়াতে প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ ব্যাপারে চিঠিও দেন। ওই চিঠিতে বলা হয়েছিল, নতুন গণতান্ত্রিক সরকার গণমুখী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করলেও মন্ত্রণালয়গুলো তা যথাযথভাবে দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করছে না। এর ফলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে, সমস্যা সমাধানে এবং যথাযথ উদ্যোগ গ্রহণে অহেতুক বিলম্ব হচ্ছে। সেখানে আরও বলা হয়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে অহেতুক বিলম্ব ঘটায় তবে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
সূত্র জানায়, প্রশাসনিক এ ধীরগতির কারণে সেবাপ্রার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অনভিজ্ঞ হওয়ায় এ সুযোগ গ্রহণ করছেন সচিবালয় কর্মকর্তারা। ফাইল নিষমত্তির ক্ষেত্রে তাদের ওপর অর্পিত দায়িত্বও এড়িয়ে চলার চেষ্টা করছেন এ কর্মকর্তারা। সেবাপ্রার্থীকে ফাইলের পেছনে না ছুটলে কাজ হয় না। তদবির না করলে হয় ফাইল থেমে যায়, নতুবা ফাইল গায়েব করে দেয়া হয়। অনেক সময় কোনো অজুহাত না পেলে ফাইল থেকে জরুরি কাগজ সরিয়ে ফেলা হয়। অধিদফতর কিংবা দফতরে নিষমত্তিযোগ্য ফাইল মন্ত্রণালয়ে চলে এলে ভোগান্তির মাত্রা আরও বাড়ে। মন্ত্রী এবং সচিবের মধ্যে বিরোধের কারণেও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন, সমস্যার সমাধান এবং যথাযথ উদ্যোগ গ্রহণে বিলম্ব হচ্ছে। বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের মধ্যে বিরোধের কারণে দীর্ঘদিন এখানে ঠিকমতো কাজ হয়নি। অবশ্য মাসখানেক আগে সচিব শফিক আলম মেহেদীকে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রশাসনকে গতিশীল করতে নির্দেশনা দেয়া হয় যে, শাখা প্রধানরা ৭২ ঘণ্টা, উপ-সচিবরা ৪৮ ঘণ্টা এবং তদূর্ধ্ব পর্যায়ে ২৪ ঘণ্টায় ফাইল নিষমত্তি হতে হবে। কিন্তু এসব নিয়ম-কানুন মেনে ফাইল নিষমত্তি হচ্ছে না।
গত বছরের ১৪ নভেম্বর পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কাজের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের অনীহার বিষয়ে অভিযোগ উত্থাপন করা হয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছিল, অনিষমন্ন কাজের তালিকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হচ্ছে না। তবে হাতেগোনা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিয়মে কাজ করে যাচ্ছে সঠিক সময়ে। অনুসন্ধানে দেখা গেছে, পদোন্নতি ও পোস্টিংবঞ্চিত কর্মকর্তাদের আলোচনা-সমালোচনা করে দিন কাটাতে। সম্প্রতি সরকার যুগ্ম সচিব পদে বড় ধরনের পদোন্নতি দেয়। তা সত্ত্বেও বঞ্চিতদের সংখ্যা এখনও বেশি। যারা পদোন্নতি পেয়েছেন, তারা এখনও পোস্টিং পাননি। ফলে তাদের আগের জায়গায় কাজ করার ব্যাপারে বেশ কিছুটা অনীহা রয়েছে। তবে কোনো কোনো কর্মকর্তা নিজের তাগিদে আগের স্থানে কাজ করলেও মন নেই কাজে।
গত বছরের ২৪ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব এক চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে ফাইল নিষমত্তি করতে সকল সচিবকে লিখিত নির্দেশ দেন। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফাইল নিষমত্তি না করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রিপরিষদের এই নির্দেশের পরও সচিবালয়ে নির্দেশিকা মানা হচ্ছে না ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনে পরিচালিত বিভিন্ন অধিদফতর ও বোর্ডে ফাইলের স্তূপ জমছে। শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, আবেদন ও অন্যান্য সমস্যা মাসের পর মাস এমনকি বছরেও সুরাহা হচ্ছে না। শিক্ষক-কর্মচারীদের সমস্যা দেখভালের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ও কারিগরি শিক্ষা অধিদফতরে কোনো মনিটরিং সেল নেই। সূত্র জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, বদলি, টাইমস্কেল, এমপিওভুক্তি’র আবেদনসহ শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন প্রায় তিন শতাধিক আবেদন ও অভিযোগ নথিভুক্ত হচ্ছে; কিন্তু সাধারণ আবেদন, তদবির ও অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় না। প্রভাবশালীদের অনৈতিক তদবির, অভিযোগ ও ফরমায়েশি কাজ নিষমত্তি করতেই মন্ত্রণালয়, অধিদফতর ও বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগ সময় কেটে যায়।
সরজমিনে মাউশি’তে ঘুরে দেখা যায়, মহাপরিচালক ও পরিচালক ছাড়া বিভিন্ন দফতরে ফাইলের স্তূপ জমে আছে। ফাইল গতিশীল করার জন্য শত শত শিক্ষক প্রতিদিন মাউশিতে আসছেন। জমে থাকা ফাইল নিষমত্তির বিষয়ে সংস্থার মহাপরিচালক এবং স্কুল-কলেজ ও মাদ্রাসা শাখার পরিচালকরা নিয়মিত সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখলেও কার্যক্রম এগুচ্ছে না। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়েও একই অবস্থা বিরাজ করছে। মন্ত্রী-সচিব-সংসদীয় কমিটির বিরোধের কারণে দীর্ঘ দিন ধরে এ মন্ত্রণালয়ের কাজে কোনো গতি ছিল না। গত মাসে সচিবকে সরিয়ে দেয়ার পর কাজে কিছুটা গতি এসেছে বলে মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের কাজে গতি না থাকায় গত ৫ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। ওই বৈঠকে তিনি দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিক অর্থনীতির অবস্থা মন্ত্রিসভাকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া, তারল্য নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান।
এ বৈঠকের পর পরই অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৈয়দ মনজুরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের সব ক’টি অনুবিভাগ/অধিশাখা/শাখায় চিঠি দিয়ে সমন্বয়কারী কর্মকর্তাদের আরও প্রো-অ্যাক্টিভ ভূমিকা রেখে শাখার কাজের সুষ্ঠু ও কার্যকর সমন্বয় সাধন নিশ্চিত করার নির্দেশ দেন।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনে গতি আনতে তৃণমূল পর্যন্ত ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে ‘লেস পেপার অফিস’ প্রতিষ্ঠা, ডিজিটাল স্বাক্ষর চালু এবং ই-টেন্ডারিংয়ের মাধ্যমে কেনাকাটার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রী-সচিবদের সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পর্যন্ত একটি চেইন নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় থেকে একেবারে উপজেলা প্রশাসন পর্যন্ত সরকারি নির্দেশনার ক্ষেত্রে ই-মেইল ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সেক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেয়া হলে ডিসি এবং ইউএনওরা যাতে একসঙ্গে সবাই পেয়ে যান, সে উদ্দেশ্যে এসব অফিসের জন্য ই-মেইল অ্যাকাউন্টও খুলে দেয়া হয়েছে। তাছাড়া ডিজিটাল স্বাক্ষর চালু হলে এসব নির্দেশনার নির্ভরযোগ্যতা অনেক বাড়বে। আর মুহূর্তেই অফিসিয়াল নির্দেশনা পৌঁছে যাওয়ার কারণে সিদ্ধান্ত বাস্তবায়নও হবে দ্রুত। এক্ষেত্রে ডিসি এবং ইউএনওদের প্রশিক্ষিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালy.

চালের দাম ৫ বছরে বেড়ে দ্বিগুণের বেশি














জাহেদ চৌধুরী
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ঠিক আগের দিন ২০০৯ সালের ৫ জানুয়ারি স্বর্ণা ও চায়না ইরি জাতের যে মোটা চালের কেজি ছিল ২৭ টাকা, গতকালের বাজারে তা বিকিয়েছে ৩৬ টাকায়। একই সময়ের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেটের মতো সরু চালের দাম ৩৩ টাকা থেকে বেড়ে গতকালের বাজারে বিকিয়েছে ৫২ টাকা কেজি দরে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র তথ্যে চালের মূল্যবৃদ্ধির এ পরিসংখ্যান রয়েছে। আর আজ থেকে ঠিক ৫ বছর আগে ২০০৬ সালের ৭ এপ্রিল মোটা চাল বলে পরিচিত স্বর্ণা ও চায়না ইরির দাম ছিল ১৭ টাকা কেজি। আর উন্নতমানের নাজির ও মিনিকেট চালের কেজি ছিল ২২ টাকা। চালের বাজারদর পর্যালোচনায় দেখা গেছে, গত ৫ বছরে চালের দাম দ্বিগুণেরও বেশি প্রায় আড়াইগুণ বেড়েছে। সরকারি হিসাবের বাইরে গতকাল সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, বাজারে দুর্গন্ধমুক্ত মোটা চাল ৩৭/৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের মিনিকেট ও নাজিরশাইল ৫৮ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত মিনিকেট ৬০ টাকা কেজিও আছে। টিসিবির হিসাবে উন্নতমানের নাজির ও মিনিকেট চাল গতকাল বিকিয়েছে ৫২ টাকা দরে, যা এক মাস আগেও একই দাম ছিল। এক বছর আগে ছিল ৪৪ টাকা কেজি। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাঝখানে মোটা চালের দাম বেড়ে ২০০৮ সালে ৩৬ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও ওই সরকার বিদায় নেয়ার আগেই দাম অনেক কমে। তারা ক্ষমতা ছাড়ার দিন ২৭ টাকা কেজিতে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় দাম কমে ২০০৯ সালের শেষদিকে মোটা চালের কেজি ২২ টাকায় পৌঁছলেও সরকারের বছর না ঘুরতেই দাম বাড়তে থাকে। এক পর্যায়ে তা জরুরি শাসনামলকেও ছাড়িয়ে যায়। একইভাবে বর্তমান সরকারের আমলে পাল্লা দিয়ে বেড়েছে মাঝারি ও সরু চালের দাম। চালের পাশাপাশি জরুরি নিত্যপণ্য হিসেবে ঘোষিত সব পণ্যের দামই বর্তমান সরকারের আমলে অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। গত মাসে সংসদে বাণিজ্যমন্ত্রীর দেয়া প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান সরকারের প্রথম দুই বছরে জরুরি নিত্যপণ্যের দাম সর্বনিম্ন ৩২ থেকে সর্বোচ্চ ৪৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
টিসিবি’র তথ্যে দেখা যায়, গত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন সময়ে ঢাকার বাজারে মোটা চাল ৩৮ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যারা নিয়মিত বাজার করেন তারা জানিয়েছেন, ওই সময় মোটা চালের কেজি ৪০ টাকায় পৌঁছে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ মার্চ গফরগাঁওয়ে এক জনসভায় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে চালের কেজি ৪০ টাকা, বিএনপি থাকলে ৯০ টাকা হতো। নির্বাচনের আগে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতির কথা তিনি বেমালুম অস্বীকার করে চলেছেন। যদিও প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতির ভিডিওচিত্র, একাধিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এরই মধ্যে পুনঃপ্রকাশিত ও প্রচারিত হয়েছে, তাতে তার ওই বক্তব্যের প্রমাণ রয়েছে।
গত ৬ মার্চ বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান জাতীয় সংসদে বিএনপিদলীয় এমপি নজরুল ইসলাম মঞ্জুর এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে (বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের মাসে) মোটা চালের কেজি ছিল ২৪ থেকে ৩০ টাকা। ২০১০-এর জানুয়ারিতে ছিল ২৫ থেকে ২৮ টাকা এবং ২০১১ সালের জানুয়ারিতে হয়েছে ৩৪ থেকে ৩৭ টাকা কেজি। তিনি জানান, দুই বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে শতকরা ৩১ দশমিক ৪৮ ভাগ। বাণিজ্যমন্ত্রী সংসদে আরও জানান, ২০০৯ সালে সরু চালের কেজি ছিল ৩২ থেকে ৪২ টাকা, ২০১০-এ ছিল ৩১ থেকে ৪৫ টাকা, ২০১১ সালে তা ৩৮ থেকে ৫০ টাকায় পৌঁছায়। মন্ত্রীর তথ্য মতে, দুই বছরে সরু চালের দাম বেড়েছে ১৮ দশমিক ৯২ শতাংশ। সংসদে দেয়া বাণিজ্যমন্ত্রীর তথ্যমতে, বর্তমান সরকারের প্রথম দুই বছরে দ্রব্যমূল্য বেড়েছে সর্বনিম্ন ৩২ থেকে সর্বোচ্চ ৪৩৫ শতাংশ পর্যন্ত। এর মধ্যে রসুন ও হলুদের দাম সর্বোচ্চ বেড়েছে বলে তার দেয়া তথ্যে জানা যায়।
টিসিবি’র বাজারদর পর্যালোচনায় দেখা গেছে, স্বর্ণা ও চায়না ইরি জাতের প্রতি কেজি মোটা চাল গতকাল ৩৬ টাকায় বিক্রি হয়েছে। ঠিক এক মাস আগে এই চাল ছিল ৩৭ টাকা এবং ঠিক এক বছর আগে ২৮ টাকা। ২০০৯ সালের জানুয়ারিতে এই চালের দাম টিসিবির হিসাবে ২৭ টাকা থাকলেও সেদিন ২৪ টাকা কেজিতেও মোটা চাল বাজারে বিক্রি হয়েছে বলে বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদনে দেখা গেছে। প্রথম আলো ও আমার দেশ-এর প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সালের ৫ জানুয়ারি খুলনায় ২৪ টাকা কেজিতে চাল বিক্রি হয়েছে। আর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরদিন ৭ জানুয়ারি নওগাঁর পাইকারি বাজারে চালের দাম বিশ্লেষণে দেখা যায় ওইদিন প্রতি কেজি মোটা চালের দাম ছিল ২১ টাকা ৪৪ পয়সা থেকে ২১ টাকা ৯৭ পয়সা।
অন্যদিকে আজ থেকে ঠিক ৫ বছর আগে ২০০৬ সালের ৭ এপ্রিল (খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের শাসনামলের শেষ বছরে) দৈনিক ইত্তেফাক ও প্রথম আলো পত্রিকায় টিসিবি ও নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে চালসহ নিত্যপণ্যের মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম আলোর ওইদিনের রিপোর্টে দেখা যায়, ওইদিন বাদামতলী ও বাবুবাজারে স্বর্ণা জাতের মোটা চাল ৬০০ টাকা মণ দরে, পারি জাতের মোটা চাল ৬৩০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। আর মিনিকেট বিক্রি হয়েছে ৯০০ টাকা মণ দরে। নাজিরশাইল মানভেদে ৭০০ থেকে ৮৫০ টাকা মণ দরে। ৪০ কেজির হিসাবে ধরলে স্বর্ণার দাম দাঁড়ায় প্রতি কেজি মাত্র ১৫ টাকা, পারির কেজি ১৫ টাকা ৭৫ পয়সা, মিনিকেট ২২ টাকা ৫০ পয়সা এবং নাজিরশাইল মানভেদে সাড়ে ১৭ টাকা থেকে ২১ টাকা ২৫ পয়সা। অন্যদিকে ২০০৬ সালের ৭ এপ্রিলের ইত্তেফাকে বলা হয়েছে ঢাকার খুচরা বাজারে আগের দিন প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে ১৭ টাকা কেজি দরে। ২০০৬ সালের ৫ এপ্রিলের মানবজমিনের প্রতিবেদনে দেখা যায়, হাতিরপুল বাজারে আগের দিন প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হয়েছে ২২ টাকা । ২০০৬ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস পরিবেশিত খবরে বলা হয়, ‘গতকাল ঢাকার বাজারে পাইকারি চালের দাম মিনিকেট প্রতি কেজি ২২ থেকে ২৪ টাকা, কালিজিরা প্রতি কেজি ২৭.৭০ টাকা, চিনিগুঁড়া ২৮.২০ টাকা, স্বর্ণা প্রতি কেজি ১৫.৫০, মোমপালিম প্রতি কেজি ১৭.৭০ টাকা, লতা প্রতি কেজি ১৮.৬০ টাকা, লতা মোটা প্রতি কেজি ১৫.৫০ পয়সা, পারিজা প্রতি কেজি ১৭.৩৫ টাকা, নাজিরশাইল প্রতি কেজি ১৮ থেকে ২২ টাকা এবং আটইশ চাল প্রতি কেজি ১৭.৯০ টাকা দামে বিক্রি হচ্ছে।’
এদিকে ঠিক পাঁচ বছর পর গতকালের (৬ এপ্রিল/২০১১) টিসিবির বাজারদরের তালিকায় দেখা যায়, মোটা চাল স্বর্ণা/চায়না ইরি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩২ থেকে ৩৬ টাকা, উত্তম মানের পাইজাম/লতা প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকা, সাধারণ মানের পাইজাম/লতা প্রতি কেজি ৩৭ থেকে ৪০ টাকা, নাজির/মিনিকেট উত্তম মানের প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকা এবং সাধারণ মানের নাজির/মিনিকেট চাল বিক্রি হয়েছে ৪০ থেকে ৫২ টাকায়।
ওদিকে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগের দিন ও ১/১১ সরকারের শেষদিনের টিসিবির বাজারদর অনুযায়ী ঢাকার বাজারে স্বর্ণা ও চায়না ইরি মোটা চাল বিক্রি হয়েছে ২৭ থেকে ২৯ টাকা, সাধারণ মানের পাইজাম/লতা ৩২ থেকে ৩৩ টাকা, উত্তম মানের পাইজাম/লতা ৩৩ থেকে ৩৪ টাকা, সাধারণ মানের নাজির ও মিনিকেট ৩৩ থেকে ৩৮ টাকা এবং উন্নত মানের মিনিকেট চাল ওইদিন বিক্রি হয়েছে ৩৮ থেকে সর্বোচ্চ ৪২ টাকা কেজি দরে।
২০১০ সালে টিসিবির বাজারদর বিশ্লেষণে দেখা গেছে, এক বছরে নাজির, মিনিকেট, পাইজাম, লতা, স্বর্ণা, চায়না ইরিসহ সব ধরনের চালের মূল্য বেড়েছে গড়ে প্রায় ৩২ শতাংশ। মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন মোটা চাল। এ সময়ে মোটা চালের দর বেড়েছে গড়ে প্রায় ৩৪ শতাংশ।
খুচরা বিক্রেতারা চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য সিন্ডিকেট ও পাইকারি বিক্রেতাদের দায়ী করছেন। অন্যদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, চালকল মালিকরা বেশি দামে তাদের কাছে চাল বিক্রি করছেন বলেই তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। তবে একাধিক বিক্রেতা বলছেন, অসাধু চালকল মালিকরা অতিমুনাফার আশায় চাল মজুত করছেন। এর সঙ্গে সরকারি মদতপুষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য চালের দাম বেশি হবে এটাই স্বাভাবিক। কিন্তু দাম এত বেশি হওয়ার কথা নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। প্রধানমন্ত্রী কিছু দিন আগে সংসদে দাঁড়িয়েও চালের দামবৃদ্ধির পেছনে ষড়যন্ত্রকারীরা রয়েছে বলে মন্তব্য করেছেন।
চালের মূল্যবৃদ্ধির জন্য সরকারের তরফ থেকেও চালকল মালিকদের দায়ী করা হয়েছে। কিছু দিন আগে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক অভিযোগ করেন, অনেক চালকল মালিক অতিরিক্ত মুনাফার জন্য চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। তবে বৈঠকে চালকল মালিকরা খাদ্যমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, চালকল মালিকদের কাছে চালের মজুত নেই। অবৈধ ও খণ্ডকালীন মজুতের জন্য ব্যবসায়ীরাই দায়ী। প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের অভিযোগ করেছেন।
অভিযোগ উঠেছে, মাত্র ১২ থেকে ১৫ মিলারের কাছে জিম্মি চালের বাজার। পর্যাপ্ত মজুদ থাকার পরেও চাল নিয়ে চলছে চালবাজি। মিলাররা ইচ্ছামতো চাল সরবরাহ করেন আবার ইচ্ছামতোই দাম বাড়ান—এমন অভিযোগ পাইকারি চাল ব্যবসায়ীদের।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশে বোরো চালের উত্পাদন হয়েছে ১ কোটি ৮৭ লাখ টন। আমন হয়েছে ১ কোটি ৩৫ লাখ টন আর আউশ ২৫ লাখ টন। মোট উত্পাদন হয়েছে ৩ কোটি ৪৭ লাখ টন চাল। এর মধ্যে ১২ ভাগ খাদ্যশস্য বীজ হিসেবে সংরক্ষণ এবং মাঠ থেকে আনা ও মাড়াই প্রক্রিয়ায় নষ্ট হয় বলে ধরা হয়। ফলে এ পরিমাণ খাদ্যশস্য বাজারে আসে না। তাদের দেয়া তথ্যমতে, মোট খাদ্যশস্যের উত্পাদন ৩ কোটি ৫ লাখ ৩৬ হাজার টন। এর সঙ্গে দেশে উত্পাদিত ১০ লাখ টন গম ও আমদানি করা ৩০ লাখ টন খাদ্যশস্য যোগ করলে মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার টন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত অর্থবছরে (২০০৯-১০) বোরো চাল ১ কোটি ৮৩ লাখ টন, আমন ১ কোটি ২২ লাখ টন, আউশ ১৭ লাখ টন এবং গমের উত্পাদন ছিল ৯ লাখ ৬৯ হাজার টন। মোট খাদ্যশস্যের উত্পাদন ছিল ৩ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টন
।

এইচটি ইমাম বঙ্গবন্ধু খুনের সঙ্গে জড়িত : কাদের সিদ্দিকী

শীর্ষ নিউজ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কারণ তাদের মন্ত্রিপরিষদেই যুদ্ধাপরাধী রয়েছে। স্বচ্ছভাবে বিচার করতে হলে আগে তাদের বিচার করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বঙ্গবন্ধু খুনের সঙ্গে জড়িত। এসব খুনির দিক-নির্দেশনায় চলছে সরকার। এদের নিয়ে কিভাবে যুদ্ধাপরাধের বিচার হবে? গতকাল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি দরে জনগণকে চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ। এ ব্যর্থতার দায় নিয়ে তাদের এখনই পদত্যাগ করা উচিত। কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে জুয়েল খানকে সভাপতি ও খন্দকার মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট যুব আন্দোলনের ও ডিএম শামীম সুমনকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়।

Sunday, 27 March 2011

বরিশালে ক্রেতাদের ক্ষোভ : বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার মাসুল সরকারকে দিতে হবে

=জি. এম. বাবর আলী, বরিশাল

কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না বাজার দর। ক্রমান্বয়েই দাম বাড়ছে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের। ৮/১০ দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজ আলুর মতো ২/১টি ছোটখাট পণ্যের দাম কিছুটা কমলেও চাল, ভোজ্য তেল, দুধ ও চিনিসহ দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। অব্যাহত দ্রব্যমূল্যের জন্য কেউ কেউ মধ্যস্বত্বভোগী, কেউ কেউ সিন্ডিকেটকে দায়ী করলেও অধিকাংশ ক্রেতার মতে সরকারিভাবে সঠিক মনিটরিংয়ের অভাবেই বাজারে ইচ্ছামাফিক পণ্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ থাকলেও মাথাব্যথা নেই সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের। অব্যাহত এ দ্রব্যমূল্য
বৃদ্ধির ফলে ক্ষুব্ধ হয়ে আছে সব শ্রেণী-পেশার মানুষ। নগরীর বড় বাজার, নতুন বাজার ও বটতলা বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। যেমন দামে কেনা হচ্ছে তেমন দামেই বিক্রি করছেন বলে দাবি বিক্রেতাদের। এছাড়া পণ্যের মূল্য বৃদ্ধির আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারছেন না বেশিরভাগ বিক্রেতা। তবে ক্রেতা-বিক্রেতা উভয়েই মূল্যবৃদ্ধির জন্য বাজার মনিটরিং ব্যবস্থা না থাকাকে দায়ী করলেন। বাজার রোডের মাতৃভাণ্ডার নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলাই সাহা আমার দেশকে বলেন, মিল মালিকদের ইচ্ছামাফিক মূল্য নির্ধারণের ফলে তেলের বাজারে অস্থিরতা চলছে। সিন্ডিকেটও মূল্যবৃদ্ধির জন্য অনেকটা দায়ী। বাজার মনিটরিংয়ের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একদিনও চোখে পড়েনি মনিটরিং ব্যবস্থা।
নগরীর আবদুর রব নামের এক রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজ রোজ সব জিনিসের দাম বাড়ছে। ফলে আয় করা টাকা দিয়ে ৭ জনের পরিবার নিয়ে নানা কষ্টে চলছে তার সংসার। তিনি বলেন, প্রতিদিনই বিক্রেতারা ইচ্ছামত দাম বাড়ালেও কেউ কিছুই বলছে না। অথচ যাত্রী পরিবহনে ৮ টাকার পরিবর্তে ১০ টাকার আবেদন করলেই তাদের ভাগ্যে জোটে অশ্লীল ভাষার গালিগালাজ ও চড়-থাপ্পর।
একটি এনজিওতে কর্মরত মোতালেব বিশ্বাস নামের অপর এক ক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের বেতন-ভাতা। ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়েই চলতে হচ্ছে তার মতো নিম্ন আয়ের মানুষকে। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে বলেন, রহস্যজনক কারণে সরকার ইচ্ছাকৃতভাবে বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। আর বাজার নিয়ন্ত্রণে সরকারের এহেন গাফিলতি আর ব্যর্থতার মাশুল সরকারকেই দিতে হবে।
বরিশালের বিভিন্ন বাজারে ৭ দিন আগের ৫০ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে। আর সর্বনিম্ন ৩৫ টাকা কেজির বুলেট চাল বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে। এছাড়া ৩৬ টাকার স্বর্ণা ৩৮ টাকা, ৪১ টাকার বাঁশফুল ৪৩ টাকা, ৪৪ টাকার আঠাশ বালাম ৪৫ টাকা এবং ৩৯ টাকার মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একইভাবে আটা ও ময়দার দামও বেড়েছে কেজিপ্রতি ১/২ টাকা। বিভিন্ন ধরনের ময়দা ৪০ টাকা এবং আটা ৩৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
চালের মতো চিনি আর ভোজ্য তেলের দামও বেড়েছে। বাজারে ৬০ টাকা কেজি দরের চিনি ৬৪ টাকা হয়েছে। হঠাত্ করে এ মূল্যবৃদ্ধির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি বিক্রেতারা। একমাস ধরে বরিশালের তেলের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। অব্যাহত মূল্যবৃদ্ধির সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হলেও মাথাব্যথা নেই কর্তাব্যক্তিদের। মাত্র কয়েক দিনের ব্যবধানে ৯০ টাকার ১ লিটার তেলের দাম ১২০ টাকায় এসে পৌঁছেছে। ৭ দিন আগে যা বিক্রি হয়েছে ১১৫ টাকায়। ৮/১০ দিনের ব্যবধানে ৯৮ টাকার পামঅয়েল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। একইভাবে দাম বেড়েছে বোতলজাত সয়াবিনেরও। মাত্র ১০ দিন আগে তীরমার্কা ৫ লিটার তেলের মূল্য ছিল ৫০৫ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৫৭০ টাকায়। ৫শ’ টাকার রূপচাঁদা ৫৭০ টাকা, ৪৯৫ টাকার মুশকান ৫৫৫ টাকা এবং ৪৯৮ টাকার দাদা ৫৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব তেলের অনেক বোতলের গায়ে আগের দাম লেখা থাকলেও বর্ধিত মূল্যে বিক্রি করা হচ্ছে।
বাজারে দাম বেড়েছে সব ধরনের দুধের। এক্ষেত্রেও বিক্রেতাদের যুক্তি একটাই, অতিরিক্ত দামে ক্রয় করায় অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, সবধরনের দুধের প্যাকেটের মূল্য বৃদ্ধি পেয়েছে। মাত্র ৭ দিনের ব্যবধানে ৫শ’ গ্রামের ২০৫ টাকার ফ্রেশ দুধ বিক্রি হচ্ছে ২২০ টাকা, একইভাবে ২১৮ টাকার ডানো ২৩৫ টাকা, ২০৫ টাকার মার্কস ২২০ টাকা, ২২৭ টাকার ডিপ্লোমা ২৪৫ টাকা এবং ১ কেজির ৩৭০ টাকার প্রাণ দুধ বিক্রি হচ্ছে ৪১০ টাকায়। ৫শ’ গ্রামের লিকুইড দুধের প্যাকেট ৩০ টাকা থেকে মূল্য বৃদ্ধি পেয়ে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেজিপ্রতি আলুর দাম ২ টাকা কমে ৬ টাকা এবং ৩০ টাকার পেঁয়াজ ২৫/২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরির ঢালের দামও কমেছে কেজিপ্রতি ২ টাকা। ৯০ টাকার ডাল বিক্রি হচ্ছে ৮৮ টাকায়। কিন্তু হলুদ, মরিচসহ শাকসবজি এবং তরি-তরকারির দাম বেড়েছে। ১৮০ টাকা দামের মরিচ ২০০ টাকা এবং ২৮০ টাকা কেজির হলুদ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। বাজারে প্রচুর পরিমাণ শাকসবজি ও তরিতরকারি থাকলেও দাম কমছে না কোনোটিরই। কয়েকদিন ধরে প্রায় সবধরনের তরকারির দাম বেড়েছে। বিভিন্ন বাজারে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে এসব শাকসবজি ও তরকারি। ৮ টাকার সিম বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। টমেটো ২০ টাকা, খিরাই বা শসা ৩০ টাকা, শালগম ১০ টাকা, গাজর ১৬ টাকা, মাঝারি সাইজের একটি লাউ ৩০ থেকে ৪০ টাকা, দুটি লাউয়ের ডগা ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বরিশালের বড় বাজারে ব্রয়লার ও কক মুরগি ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও দেশি মুরগির দাম ছিল ২৫০ টাকা কেজি। সাড়ে ৪শ’ টাকা কেজির খাসির মাংস ও ২৬০ টাকা কেজির গরুুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ফার্মের মুরগির ডিম ১১০ টাকা ও দেশি মুরগির ডিম ১৩০ টাকা কুড়ি দরে বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধি : ওএমএস’র চাল সঙ্কট : মাগুরার মহম্মদপুরে অভাবী মানুষের হাহাকার বাড়ছে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুরে ওএমএসের চাল না পেয়ে প্রতিদিন ফিরে যাচ্ছেন অনেকেই। চাল না পেয়ে মহম্মদপুরে বেড়ে যাচ্ছে অভাবী মানুষের হাহাকার।
তখন সকাল ৭টা। ওএমএসের চাল দেয়া শুরু হতে আরও দু’ঘণ্টা বাকি। ডিলার দোকান খোলেননি। চাল নিতে শুরু হয়ে গেছে লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা। সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে অভাবী মানুষের মিছিল। বাড়ছে হৈচৈ-চেঁচামেচি। ঘড়ির কাঁটায় ৯টা। দোকান খুলতে লাইনে দাঁড়ানো শিশু-কিশোর, নারী-পুরুষ চালের ওপর ঝাঁপিয়ে পড়লেন। চাল দিতে গলদঘর্ম হচ্ছিল দোকানের লোকজন। ১১টা বাজতেই খবর এলো আজকের বরাদ্দের চাল শেষ। তখনও চালের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ। এর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। ডিলার বেচারা পালিয়ে বাঁচলেন। শুরু হলো চালের জন্য হাহাকার। এ চিত্র নিত্যদিনের। মহম্মদপুর উপজেলা সদরের খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির সময় সব ডিলারের দোকানের সামনে এ দৃশ্য দেখা যায়। গরিব-অসহায় লোকজনের প্রধান খাবার মোটা চালের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ এবং ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। একটু কম দামে চাল সংগ্রহের এমন দৃশ্য এখন জেলার সর্বত্রই দেখা যায়। খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার প্রতিটি উপজেলায় প্রথমে পাঁচজন, পরে দুজন বাড়িয়ে সাতজন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে উপজেলা সদরে চারজন এবং উপজেলা সদরের বাইরে বড়বাজারে তিনজন। সারা জেলায় মোট ৩১ জন ডিলার সপ্তাহে মঙ্গল ও শুক্রবার বাদে পাঁচদিন এক মেট্রিক টন করে চাল বিক্রি করছেন। একজন ডিলার দিনে ৫ কেজি করে সর্বোচ্চ ২০০ জনকে চাল দিতে পারছেন।
জানা গেছে, খোলাবাজারে বিক্রয় কেন্দ্রে যে চাল ২৪ টাকায় বিক্রি হচ্ছে, বাজারে তার দাম ৩৫ থেকে ৩৮ টাকা। বৃদ্ধ আবুল হোসেন বলেন, ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়াই। পরে এসে দাঁড়ালে সেদিন আর চাল পাই না। তখন না খেয়ে থাকতে হয়। বোরকা পরে অনেক মহিলা চাল নিতে এসেছেন। তাদের একজন পরিচয় না দিয়ে বলেন, কখনও এভাবে চাল নিতে আসিনি। এখন নিরুপায় হয়ে আসতে হচ্ছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো বৃদ্ধা ফুলজান বেগম জানান, গায়ে বল নেই। ছেলেবউরা কাজে যায় আর আমাকে পাঠায় চাল আনতে। স্কুলড্রেস পরা শিশু আলম রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে জানায়, লাইনে আগে দাঁড়াতে পারলে স্কুল ধরতে পারি, না হলে পারি না। সরেজমিনে উপজেলা সদর, নহাটা, বাবুখালী, রাজাপুর, বালিদিয়া, বিনোদপুর, দিঘা ও পলাশবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, চালের দাম জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলকেও ছাড়িয়ে গেছে। মোটা চালের প্রধান ক্রেতা গরিব ও নিম্ন আয়ের মানুষ। মোটা চাল এখন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৫-৩৮ টাকা। চিকন চালের দামও কেজিপ্রতি বেড়েছে ৭-১০ টাকা। চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ওএমএস চালু করা হলেও এর তেমন কোনো প্রভাব বাজারে পড়ছে না।

Wednesday, 23 February 2011

ডকুমেন্ট বলছে ভিন্নকথা : ১০ টাকা কেজি চালের কথা ’৯৬ সালে বলেছি, এবার নয় - সংসদে শেখ হাসিনা


সংসদ রিপোর্টার

বিরোধী দল মিথ্যাচার ও অপপ্রচারে পারদর্শী অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ১৯৯৬ সালের নির্বাচনী জনসভার বক্তৃতাকে তারা (বিএনপি) ২০০৮ সালের বলে চালিয়ে দিয়েছে। ’৯৬ সালের নির্বাচনী বক্তৃতার সঙ্গে তারা ২০০৮ সালের ক্যাপশন লিখে ইউ-টিউবে ছড়িয়ে দিয়েছে। প্রচার করছে নির্বাচনের আগে আমি নাকি বক্তৃতা দিয়েছিলাম ক্ষমতায় আসতে পারলে ১০ টাকা কেজি চাল খাওয়াবো। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা দশ টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা রক্ষা করেছি। এবার আমরা জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কথা বলেছি এবং ক্ষমতায় এসে ৪৫ টাকার চাল ১৮/২০ টাকায় নামিয়ে আনি। পরে কৃষকদের ন্যায্যমূল্যের কথা চিন্তা করে কিছুটা বাড়িয়েছি। তিনি বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে বলেন, আমরা ১০ টাকায় যে চাল রেখে এলাম সেটা কেন ৪৫ টাকা হলো? কেন ৫ টাকা কেজি করতে পারলেন না তার জবাব দিন।
গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদ দলীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে গতকাল বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম আধঘণ্টা প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরপর্ব চলে।
এদিকে অনুসন্ধানে দেখা গেছে, ’৯৬ সালে নয়, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেখ হাসিনা বিভিন্ন নির্বাচনী সমাবেশে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০০৭ সালের ২২ জানুয়ারির প্রথম দফা নবম জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে বিভিন্ন নির্বাচনী সভায় শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতির কথা বহুবার বলেছেন। জরুরি সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন ২ বছর পেছালেও ১০ টাকা কেজিতে চাল খাওয়ানো নিয়ে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা অব্যাহত ছিল। যদিও নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সরাসরি ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর বিষয়টি উল্লেখ করেনি। ১৮ টাকা কেজির কথাও বলা হয়নি। তবে বিভিন্ন জনসভা, লিফলেট ও মিছিলের স্লোগানে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানো নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সোচ্চার ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে মোটা চালের দাম কেজিপ্রতি ৪৫ টাকা পর্যন্ত উঠেছিল বলে প্রধানন্ত্রীর বক্তব্যের সত্যতাও মেলেনি।
সরকারি প্রতিষ্ঠান টিসিবির দেয়া তথ্য মতে, ’৯৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি প্রথম দফায় ক্ষমতা থেকে বিদায় নেয়ার ও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রথম দফায় ক্ষমতায় আসার বছরে মোটা চালের সর্বনিম্ন দর ১০ টাকা আর সর্বোচ্চ ১৫ টাকা ছিল। ’৯৭-তে সর্বনিম্ন দর ঠিক থাকলেও সর্বোচ্চ দর ২৪ টাকায় পৌঁছেছিল। টিসিবি বলছে, ২০০১ সালেও মোটা চাল বিক্রি হয়েছে ১৪ টাকা কেজিতে। বিএনপি ক্ষমতা ছাড়ার সময় ২০০৬ সালে সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা এবং সর্বোচ্চ ১৯ টাকা। ২০০৮ সালে জরুরি সরকারের সময় মোটা চালের সর্বনিম্ন দর ছিল ২৮ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা।
১০ টাকা কেজির চাল নিয়ে গতকাল সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী : গতকাল সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে বিরোধীদলীয় নেতার হৃদয়ঙ্গম হয় সে বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কিনা’ মঈনুদ্দিন খান বাদলের এ সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, হৃদয়ঙ্গম করার বিষয়ে আমি এত পারদর্শী নই। মাননীয় সংসদ সদস্যই (বাদল) এ বিষয়ে পারদর্শী। তাই হৃদয়ঙ্গম করার দায়িত্বটা তাকেই দিলাম। তিনি চেষ্টা করে দেখতে পারেন। এ সময়ে বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য তারা ক্ষমতায় আসেনি। তারা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত ছিল। তারা জনগণের সমস্যাগুলো আমলে নেয়নি। তাদের দুঃখ হলো—আমরা মেগাপ্রজেক্ট করছি। রাস্তাঘাটের উন্নয়ন করছি। মানুষের উপকারের জন্য কাজ করছি। তা তাদের পছন্দ হচ্ছে না।
বিরোধী দল ইন্টারনেটে তার বক্তৃতার ফুটেজ বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, তারা মিথ্যাচার ও অপপ্রচারে পারদর্শী। নির্বাচনের আগে আমি নাকি বক্তৃতা দিয়েছিলাম ক্ষমতায় আসতে পারলে ১০টাকা কেজি চাল খাওয়াবো। এটা ওয়েবসাইটের ইউটিউবে ছেড়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এটা ঠিক, আমরা ১৯৯৬ সালে ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা রেখেছিও। আমরা ২০০১ সালে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তা ছিল। সেই চাল বিগত চারদলীয় জোট সরকারের আমলে বৃদ্ধি পেতে পেতে মানুষকে ৪৩ থেকে ৪৫ টাকায় কিনতে হয়েছে।
ইউটিউবের ফুটেজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি ওই বক্তৃতা বার বার দেখেছি। আমি কোথায় কী বক্তৃতা দিয়েছি, ওই সময় কে কে ছিলো, আমার দলের প্রার্থী কে ছিলো সেটা দেখেছি। ইউটিউবের ফুটেজটা কয়েকবার খুব ভালোভাবে দেখলাম। এটা হচ্ছে আমার ’৯৬ সালের নির্বাচনী বক্তৃতা। ১৯৯৬ সালে আমি তেজগাঁওয়ের একটি জনসভায় ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিলাম। ওই বক্তৃতার সঙ্গে তারা ২০০৮ সালের ক্যাপশন লিখে চালিয়ে দিয়েছে। আমরা তো দশ টাকায় চাল রেখে এলাম, সেটা কেন ৪৫ টাকা হলো? কেন ৫ টাকা কেজি করতে পারলেন না তার জবাব দিন। একবার বাড়লে তো কোন জিনিসের দাম কমে না। ২০০৮ সালের নির্বাচনের আগে আমরা জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দেখেছিলাম। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে ৪৫টাকার চাল ১৮/২০ টাকায় নামিয়ে আনি। তারপর কৃষকের কথা ভেবে আবার কিছুটা বাড়িয়েছি। আমরা মানুষের আয়ও বৃদ্ধি করেছি।
’৯৬ সালে নয়, গত সংসদ নির্বাচনের আগেই ১০ টাকা কেজির চালের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী : অনুসন্ধানে দেখা গেছে, ২০০৭ সালের ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর টাঙ্গাইল ও জামালপুরের জনসভায় শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল খেতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘টাঙ্গাইল ও জামালপুরে শেখ হাসিনা...’ শিরোনামে ডাবল কলামে প্রকাশিত খবরে বলা হয়, ‘টাঙ্গাইলের ধনবাড়ী হাইস্কুলের জনসভায় তিনি ড. আবদুর রাজ্জাককে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, জোট সরকারের দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি এবং অর্থনৈতিক সফলতা অর্জনে নৌকায় ভোট দিন। তিনি স্লোগান দেন, নৌকা মার্কায় ভোট দেব, ১০ টাকা সের চাল খাব। ধানের শীষে ভোট দেব না ২০ টাকা সের চাল খাব না।’ একই দিনে জামালপুরের মাদারগঞ্জ বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা আজমের জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, দেশকে বাঁচাতে হলে নৌকা ছাড়া উপায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে ১০০ ভাগ লোককে শিক্ষিত করা হবে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। চালের সের ১০ টাকা হবে, দেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।’
১৭ সেপ্টেম্বরের আমার দেশ পত্রিকার প্রথম পাতায় শিরোনাম ছিল ‘টাঙ্গাইল ও জামালপুরে শেখ হাসিনা : ২০ টাকার চাল ১০ টাকায় খেতে হলে নৌকায় ভোট দিন’। সেদিনের সবকটি জাতীয় দৈনিকে শেখ হাসিনার এ প্রতিশ্রুতির কথা প্রকাশিত হয়। টিভি চ্যানেলগুলোতেও একই খবর প্রচারিত হয়। এরপর অসংখ্য সমাবেশে শেখ হাসিনা এ প্রতিশ্রুতি দিয়েছেন। ‘নৌকা মার্কায় ভোট দেব, ১০ টাকা সের চাল খাব’—শেখ হাসিনার এ স্লোগান ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে সারাদেশের অলিতে-গলিতে উচ্চারিত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে। শুধু তাই নয়, গত বছর তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন মোটা চালের কেজি ৩৫/৪০ টাকায় গিয়ে পৌঁছায় তখন শেখ হাসিনা কারাগারে ছিলেন। ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে আদালতে নেয়া হয়। পরদিন আমার দেশ পত্রিকার লিড স্টোরির হাইলাইটসে শেখ হাসিনার বরাতে ছাপা হয়েছিল, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য অর্ধেকে নামিয়ে আনা হবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে। চালের দাম কমিয়ে ১২ থেকে ১৫ টাকায় আনা হবে।’
তবে শেখ হাসিনা মুক্ত হওয়ার পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডের সমাবেশে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা বলেন। তিনি নৌকা মার্কাকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ার মার্কা বলে উল্লেখ করেন। তিনি সেখানকার প্রার্থী হাবিবুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ১০ টাকায় চাল খেতে হলে নৌকায় ভোট দিতে হবে। দেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে নৌকায় ভোট দিতে হবে। ২৫ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে।
শুধু তাই নয়, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান কিশোরগঞ্জের কুলিয়ারচর কমিউনিটি সেন্টারে ২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেন, তার দল ক্ষমতায় গেলে প্রতি কেজি চালের দাম কমিয়ে ১০ টাকা ও কাঁচামরিচের কেজি ৫ টাকা করা হবে। ৩ ডিসেম্বর দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। অন্যান্য নেতাকর্মীও একইভাবে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রচারণা চালিয়েছেন।
এখানে দুটি বিষয় লক্ষণীয়, জরুরি সরকারের হস্তক্ষেপে নির্বাচন প্রায় ২ বছর পিছিয়ে গেলেও শেখ হাসিনা এ সময় ধরে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখেন। জোট সরকার ক্ষমতায় থাকতে তিনি যখন এ প্রচারণা শুরু করেন তখন চালের কেজি ছিল তার বক্তব্য অনুযায়ীই ২০ টাকা। যদিও বাস্তবে সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী ২০০৬ সালে মোটা চালের কেজি ছিল সর্বনিম্ন সাড়ে ১৬ টাকা। অথচ প্রধানমন্ত্রী এটাকে ৪৫ টাকা বলেছেন। জরুরি সরকারের সময়ে মোটা চালের কেজি ৩৫ টাকা পর্যন্ত পৌঁছলেও জরুরি সরকার ক্ষমতা ছাড়ার সময় চালের কেজি ২২ টাকায় নেমে আসে। কিন্তু মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চালের দাম বেশি বেড়ে যাওয়ায় তিনি অর্ধেক দামে চালসহ দ্রব্যমূল্য খাওয়ানোর কথা বলেন। এ কারণে জেলে থাকতে তিনি ১২ থেকে ১৫ টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিলেন। কিন্তু আবার চালের দাম কমতে শুরু করায় তিনি ও তার দলের নেতারা নির্বাচনের আগে ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচার ও লিফলেটেও এটা স্থান পায়।
এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন দায়িত্ব নেয় তখন সবচেয়ে মোটা চাল ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে খবর প্রচারিত হয়। সেক্ষেত্রে তার দুই বছর আগের ঘোষণা অনুযায়ী ২০ টাকার চাল ১০ টাকা হলে, ২২ টাকার চাল ১১ টাকা হতেই পারে। যদিও নির্বাচনী প্রচারে ১০ টাকার কথাই বলা হয়েছে।
১০ টাকা কেজিতে চাল বিক্রি নিয়ে নির্বাচনের আগে যখন আওয়ামী লীগ ব্যাপক প্রচার চালাচ্ছিল তখন প্রশ্ন ওঠে কৃষক কীভাবে পোষাবে। এত কম দামে চাল বিক্রি করতে হলে কৃষকের খরচ উঠবে না। তখনই প্রথমে শেখ হাসিনা বিভিন্ন জনসভায় ন্যায্যমূল্যে সার দেয়ার কথা বললেও একপর্যায়ে তিনি জনসভাগুলোতে বিনামূল্যে কৃষককে সার দেয়ার কথা বলতে শুরু করেন। এর প্রমাণ বিভিন্ন পত্রিকায় রয়েছে। প্রথম আলোর ১৮ ডিসেম্বর সংখ্যায় ‘কোটালীপাড়ার সেই মাঠে ভোট চাইলেন হাসিনা’ শিরোনামে প্রথম পৃষ্ঠার ডাবল কলাম খবরের ভেতরে দেখা যায়, ১৭ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ার নিজ নির্বাচনী এলাকার জনসভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ‘...বয়স্কভাতা দ্বিগুণ করা হবে, তাদের চলাফেরা ফ্রি করে দেবে। কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করা হবে।’
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আসলেই ১০ টাকা কেজিতে চাল ও বিনামূল্যে কৃষকদের সার দেবে, নাকি এটা তাদের নির্বাচনী ইশতেহারে লিখিতভাবে নেই, তাদের নেত্রী নির্বাচনী সমাবেশে বলেছেন—এসব তাদের প্রতিশ্রুতি নয় বলে এড়িয়ে যাবে?
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অতীতে ‘বিরোধী দলে গেলেও হরতাল করব না’ বলে সংসদ ও রাজপথে বারবার ঘোষণা দিয়েও ২০০১ সালের পর সে ঘোষণা বাস্তবায়ন না করে আওয়ামী লীগ একের পর এক হরতাল করেছে। এবারও মনে হচ্ছে ১০ টাকায় চাল ও বিনামূল্যে সার দেয়ার প্রতিশ্রুতিকে ‘বাত কা বাত’ হয়েই থাকবে।
সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে অন্যান্য প্রসঙ্গ : সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো দীর্ঘসূত্রতা নেই। তবে, কিছুটা জটিলতা থাকতে পারে। কারণ বিগত চারদলীয় জোট সরকার সর্বক্ষেত্রে এমনভাবে দলীয়করণ করেছে সেখান থেকে বেরিয়ে আসতে বেগ পেতে হচ্ছে। তবে, আমরা জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
বুধবার বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের শততম বৈঠক অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে এ সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হলো কতগুলো বাস্তবায়নাধীন প্রতি তিন মাস অন্তর তা পর্যালোচনা করা হয়। তাতে দেখা গেছে, আমাদের সিদ্ধান্তের ৮৪ ভাগই বাস্তবায়ন হয়েছে। কোন কোন মন্ত্রণালয়ে হয়েছে শতভাগ। তাই পরিষ্কার করে বলে দিতে চাই, সরকারের কর্মকাণ্ডে কোন দীর্ঘসূত্রতা নেই।
প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করার বিষয়ে সরকার দলীয় সিনিয়র সদস্য আবদূর রাজ্জাকের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, শুনেছিলাম গ্যাসের ওপর বাংলাদেশ ভাসছে। এই গ্যাস বেচতেই হবে। আমরা ক্ষমতায় থাকতে ১৯৯৬-২০০১ সালে গ্যাস বিক্রির চাপ ছিলো। গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে অনেক ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতায় আসতে দেয়া হয়নি। আর এখন দেখছি তীব্র গ্যাস সঙ্কট। আমরা গ্যাস সঙ্কট মোকাবিলার জন্য পদক্ষেপ নিচ্ছি। বাপেক্সকে শক্তিশালী করে নিজেরাই গ্যাস উত্তোলনের চেষ্টা করছি। গ্যাসের অপচয় রোধে বাসাবাড়িতে প্রিপেইড মিটার চালুর ব্যবস্থা নিচ্ছি। নিজেরাই সিলিন্ডার তৈরি ও এর দাম কমানোর উদ্যোগ নিচ্ছি।
এদিকে এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে বিদ্যুত্ খাতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতের দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশ ও দুর্নীতিবাজদের বিচারের সম্মুখীন করা হবে কিনা’ সরকার দলীয় সংসদ সদস্য চয়ন ইসলামের এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিগত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুত্ ও জ্বালানি খাতে সংঘটিত আর্থিক ও প্রাতিষ্ঠানিক অনিয়ম উদঘাটনের লক্ষ্যে জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত ৪ সদস্যের সাব কমিটি কাজ করছে। এই সাবকমিটি শিগগিরই এ সংক্রান্ত রিপোর্ট দাখিল করবে বলে আশা করা যায়। ওই রিপোর্ট যাচাই-বাছাই শেষে চিহ্নিত অনিয়মগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদেশ থেকে ২৫ হাজার ৯৭৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদে জানান, জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত দুই বছরে ভারত, জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া, ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডসহ বিভিন্ন দেশের ৩১৪টি প্রতিষ্ঠান উপরোক্ত অর্থ বাংলাদেশে বিনিয়োগ করেছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর অর্থাত্ ২০০৭ ও ২০০৮ সালে মোট ২২ হাজার ৪৮৪ কোটি টাকা বৈদেশিক বিনিয়োগ এসেছে বলে প্রধানমন্ত্রী জানান
।

নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধি : খুলনায় ঠিকাদার ব্যবসায়ীরা বিপাকে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা

খুলনা অফিস

নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধিতে খুলনা অঞ্চলে নির্মাণ কাজসহ উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এক মাসের ব্যবধানে সব ধরনের উপকরণের দাম ২০ থেকে ২৫ ভাগ বেড়েছে বলে মার্কেট ঘুরে জানা গেছে। সবচেয়ে বেশি বেড়েছে রড ও বিটুমিনের দাম। এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নির্মাণ সামগ্রীর দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের তত্পরতা রুখতে প্রয়োজনীয় সরকারি উদ্যোগের অভাব রয়েছে বলে ভুক্তভোগীরা মনে করছেন।
সূত্র জানায়, নির্মাণ কাজের অন্যতম প্রধান উপকরণ রডের দাম গত দুই মাসে তিন দফা বেড়েছে। খুলনার বিভিন্ন বাজারে ৬০ গ্রেডের রড প্রতিটন বিক্রি হচ্ছে ৫৯ থেকে ৬০ হাজার টাকা। ৪০ গ্রেডের রড প্রতিটন ৫১ থেকে ৫২ হাজার টাকা। মাসখানেক আগেও ৬০ গ্রেড রড ৫১ হাজার ও ৪০ গ্রেড রড ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। রডের পাশাপাশি বাজারে বেড়েছে সিমেন্টের দামও। কোম্পানিভেদে প্রতিবস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়। দুই সপ্তাহ আগে এ দর ছিল বস্তাপ্রতি ৩১৫ থেকে ৩২০ টাকা। নির্মাণ কাজে অত্যাবশ্যকীয় উপাদান বিটুমিনের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ১ হাজার থেকে ১২শ’ টাকা। প্রতি ব্যারেল অর্থাত্ দেড়শ’ কেজি বিটুমিনের আগের দাম ছিল ৬ হাজার ১০০ থেকে ৬ হাজার ২০০ টাকা।
বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭ হাজার ৩শ’ টাকায়। বালুর দামও বেড়েছে কয়েকদফা। খুলনার বাজারে ৪ ধরনের বালু পাওয়া যায়। মোটা বালু, কুষ্টিয়ার বালু, সিলেট বালু ও ধুলা বালু। এসব বালু ফুট প্রতি এক মাসের ব্যবধানে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। গত মাসে সিলেট বালু ফুটপ্রতি বিক্রি হয়েছে ২৪ থেকে ২৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ২৮ থেকে ২৯ টাকায়। পাথর প্রতি ফুট এক মাস আগেও বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৪ টাকায়। পলিথিনের এক মাস আগের দর ছিল প্রতি কেজি ৯০ টাকা, এখন তা ১১১ টাকা। ইটের দামও একই সময়ের ব্যবধানে প্রতি হাজারে ২শ’ থেকে ৩শ’ টাকা বৃদ্ধি পেয়েছে।
রডের দাম বৃদ্ধির বিষয়ে স্টিল রি-রোলিং মিল সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাঁচামালের অভাবে রডের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়েছে। এ কারণে রডের দাম আগামীতে আরও বাড়তে পারে। তবে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কাঁচামাল সঙ্কটের কারণে রডের মূল্য বেড়েছে—এ কথা গ্রহণযোগ্য নয়। কারণ দেশে স্ক্র্যাপ ও ফিনিশড রড আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিছু স্টিল রি-রোলিং মিল মালিক ও আমদানিকারকদের একটি সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে রডের দাম বাড়িয়ে দিয়েছে।
এদিকে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় খুলনা অঞ্চলের বিভিন্ন নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ ঠিকাদাররা জানান, বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক দরে তারা বিভিন্ন নির্মাণ ও সংস্কার কাজের ঠিকাদারি পেয়ে থাকেন। হঠাত্ করে নির্মাণ সামগ্রীর দাম কয়েকদফা বেড়ে যাওয়ায় তারা এখন আর্থিকভাবে লোকসানের মুখোমুখি রয়েছেন। অনেক ক্ষেত্রে কাজ বন্ধ রাখতেও বাধ্য হচ্ছেন। শুধু ঘরবাড়ি ও ভবন তৈরি নয়, রাস্তা, পুল, সেতুসহ বিভিন্ন নির্মাণকাজে ব্যাপকভাবে লোহার রড ও সিমেন্ট ব্যবহৃত হয়। তাই সিমেন্ট ও রডের দাম বাড়লে এসব কাজে স্বাভাবিকভাবেই বিঘ্নের সৃষ্টি হয়। সামগ্রিকভাবে সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। এ অবস্থায় নির্মাণকাজ চালিয়ে যাওয়া খুবই দুরূহ হয়ে পড়েছে। অনুরূপ কথা বলেছেন খুলনার কয়েকজন আবাসন ব্যবসায়ী। নির্মাণ সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ায় তারা সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।